ইচু লি পরিভ্রমণ: NBSE নবম শ্রেণীর বাংলা (MIL) সমাধান
One-time PDF: this chapter only. A private link is emailed to you and stays valid for 7 days with unlimited downloads. Learn more
NBSE-এর নবম শ্রেণীর বাংলা (MIL) বিষয়ের (সাহিত্য পরিক্রমা) অধ্যায় এনজাঁমঙ্গি জেসমিন প্যাটনের লেখা ‘ইচু লি পরিভ্রমণ’-এর সারাংশ, প্রশ্নোত্তর, সমাধান, নোটস, বহুনির্বাচনী প্রশ্ন (MCQ), অতিরিক্ত পড়াশোনার সামগ্রী, PDF এবং গাইড এখানে পাবেন। তবে, এই সমাধানগুলি শুধুমাত্র সহায়ক হিসেবে ব্যবহার করুন এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করুন।
সারাংশ (Summary)
‘ইচু লি পরিভ্রমণ’ (Ichu Li Poribhromon) গল্পটি লিখেছেন এনজামঙ্গী জেসমিন প্যাটন (Nzanmongi Jasmine Patton)। নাগাল্যান্ডের ওখা জেলায় লোথা উপজাতির মানুষ বসবাস করেন। তাঁদের লোককথায় ‘ইচু লি’ নামে একটি অদ্ভুত জায়গার কথা বলা হয়েছে। লোথা ভাষায় ‘ইচু’ শব্দের অর্থ মৃত্যু এবং ‘লি’ শব্দের অর্থ খেত বা জমি। অর্থাৎ ‘ইচু লি’ হলো মৃতদের রাজ্য। প্রচলিত কথা আছে, কোনো জীবিত মানুষ সেখানে গেলে আর সহজে ফিরে আসতে পারে না। শীতের শেষে গ্রামের এক পরিশ্রমি চাষি নতুন উর্বর জমির খোঁজে বের হয়। সে এমন এক জমি খুঁজছিল যেখানে ভালো চাষবাস করে সে তার পরিবারকে পেট ভরে খাওয়াতে পারবে। সে চাইছিল না তার পরিবার অনাহারে দিন কাটাক।
অনেক দিন পথ চলার পর লোকটি একটি ঘন সবুজ ও উর্বর খেতের সামনে এসে পৌঁছায়। শীতের রুক্ষ সময়েও সেই খেত নানা রকমের শাকসবজি ও ফলে ভরা ছিল। সেখানে কুমড়ো, তরমুজ, রাঙাআলু, কচু, লঙ্কা, বেগুন, কমলালেবু, পাতিলেবু ও আখ থোকায় থোকায় ফলে ছিল। সেখানে অন্য কোনো মানুষ ছিল না। এই প্রাচুর্য দেখে লোকটি খুব অবাক ও খুশি হলো। সে ভাবল, অন্য কেউ দখল করার আগেই এই জমিতে তার নিজের অধিকার প্রতিষ্ঠা করা দরকার। সে নিজের বাঁশের ঝুড়ি বা ‘ফারি’ ফল ও সবজিতে কানায় কানায় ভরিয়ে নিল। সে ভেবেছিল, এই ফলগুলো বাড়িতে নিয়ে গিয়ে সবাইকে দেখাবে এবং সেগুলোর বীজ দিয়ে নতুন করে চাষ শুরু করবে।
ঝুড়ি মাথায় নিয়ে লোকটি গ্রামের দিকে ফিরতে শুরু করল। কিন্তু বহুক্ষণ হাঁটার পরও সে দেখল, সে একটুও এগোতে পারছে না। সে বারবার ঘুরেফিরে সেই একই জায়গায় চলে আসছে। এমনকি আকাশের সূর্যও এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে এবং চারপাশের পরিবেশ একই রকম রয়ে গেছে। সে নিজেকে চিমটি কেটে দেখল যে সে কোনো স্বপ্ন দেখছে না। তখন সে বুঝতে পারল, খেতের ফলমূলগুলো সঙ্গে নেওয়ার কারণেই সে বিপদে পড়েছে। এই গল্পে ‘ইচু লি’ হলো জীবন ও মৃত্যুর মধ্যবর্তী সীমানার একটি রূপক। লোথা লোকবিশ্বাস অনুযায়ী, জীবিত মানুষ এবং মৃত মানুষ কখনো একই খাবার ভাগ করে খেতে পারে না। তাই মৃতদের দেশের কোনো কিছু জীবিতদের জগতে নিয়ে আসার নিয়ম নেই।
ভয়ে কাঁপতে কাঁপতে লোকটি ফলের ঝুড়িটি সেখানেই ফেলে দিল। ফলের মোহ ত্যাগ করতেই সে বন্দিদশা থেকে মুক্তি পেল। তারপর সে নিজের গ্রামের দিকে প্রাণপণে দৌড় লাগাল। অবশেষে সে নিজের গ্রামে পৌঁছে রক্ষা পেল। গ্রামের প্রবীণ মানুষদের সে নিজের অভিজ্ঞতার কথা আদ্যোপান্ত খুলে বলল। গ্রামবাসীরা তাকে জড়িয়ে ধরে বলল, সে সত্যিই ভাগ্যবান যে ‘ইচু লি’ থেকে জীবিত অবস্থায় ফিরে আসতে পেরেছে। বৃদ্ধরা তাকে বুঝিয়ে বললেন, পূর্বপুরুষদের কাছ থেকে তাঁরাও শুনেছেন যে ওই খেত থেকে কোনো কিছু নিয়ে আসার অনুমতি কাউকেই দেওয়া হয় না।
পরদিন সকালে গ্রামের সবাই মিলে সেই জাদুকরী খেতটি দেখার জন্য উৎসুক হয়ে উঠল। সারাটা দিন তারা মাইলের পর মাইল হেঁটে সেই জায়গাটি খোঁজার চেষ্টা করল। কিন্তু হন্যে হয়ে খুঁজেও কেউ আর সেই খেতের সন্ধান পেল না। আসলে ‘ইচু লি’ কোনো মানুষের থাকার জায়গা নয়। ওখা জেলার ইংল্যান এলাকা পেরিয়ে চিমেরা পাহাড়ের ওপর অবস্থিত এই রহস্যময় জায়গাটি জীবিত মানুষের চোখ থেকে চিরকাল আড়ালেই থেকে যায়।
পাঠ্যবইয়ের (Textbook) সমাধান
সঠিক উত্তরটি বেছেনাও
(ক) ওখা জেলায় কোন উপজাতির বাস?
(i) আও
(ii) লোথা
(iii) আঙ্গামি
(iv) সেমা
উত্তর: (ii) লোথা
(খ) লোথা উপভাষায় ‘ইচু’ শব্দের অর্থ –
(i) জন্ম
(ii) বিবাহ
(iii) মৃত্যু
(iv) ভূমি
উত্তর: (iii) মৃত্যু
(গ) সেই লোকটি ইচু লি- তে কার সাথে গেছিল?
(i) একা
(ii) স্ত্রীর সাথে
(iii) বন্ধুর সাথে
(iv) গ্রামবাসীদের সাথে
উত্তর: (i) একা
(ঘ) লোকটির পিঠে ছিল –
(i) ব্যাগ
(ii) ঝুড়ি
(iii) বাচ্চা
(iv) কুড়ুল
উত্তর: (ii) ঝুড়ি
(ঙ) ইচু লি কোন পাহাড়ের ওপরে অবস্থিত?
(i) সারামতি
(ii) মল লেন
(iii) বারাইল
(iv) চিমেরা
উত্তর: (iv) চিমেরা
অতি সংক্ষিপ্ত উত্তর দাও
(ক) লোথা উপজাতির নিবাস কোথায়?
উত্তর: লোথা উপজাতির প্রধান নিবাস হল নাগাল্যাণ্ডের ওখা জেলায়, যেখানে লোথা সম্প্রদায়ের মানুষজন বসবাস করেন এবং তাদের গ্রামের বয়স্ক মানুষদের মুখে বিভিন্ন গল্পকথা প্রচলিত রয়েছে।
(খ) ইচু লি শব্দের অর্থ কী?
উত্তর: লোথা উপভাষায় ইচু শব্দের অর্থ হল মৃত্যু বা মরণ এবং লি শব্দের অর্থ হল মাঠ, খেত বা ভূমি; অর্থাৎ সমগ্র ইচু লি শব্দের সংকেতবাহী অর্থ হল মৃত্যুভূমি।
(গ) সেই লোকটি কীসের সন্ধানে বাড়ি থেকে বেরিয়েছিল?
উত্তর: সেই লোকটি উর্বর জমির সন্ধানে বাড়ি থেকে বেরিয়েছিল, যাতে সে প্রাণ ঢেলে উৎকৃষ্ট চাষাবাস করতে পারে এবং তার পরিবার ভরপেট খেতে পায়।
(ঘ) কী দেখে লোকটির মনে হয়েছিল যে জমিটি যথেষ্ট উর্বর?
উত্তর: রুক্ষ মরশুমেও খেতটি ঘন সবুজ তরতাজা শাকসবজি এবং ফলমূলে ভরা ছিল এবং গাছগুলোতে প্রচুর ফুল ও ফল ধরে ফসল ঘরে তোলার অপেক্ষায় ছিল। এটি দেখেই লোকটির মনে হয়েছিল যে জমিটি যথেষ্ট উর্বর।
(ঙ) খেতটির মধ্যে কোন কোন সবজি বা ফল হয়েছিল?
উত্তর: খেতটির মধ্যে কুমড়ো, তরমুজ, রাঙাআলু, কচু, লঙ্কা, বেগুন, কমলালেবু, পাতিলেবু এবং আখ অপর্যাপ্ত পরিমাণে হয়েছিল।
(চ) লোকটি ফলমূল, সবজি তার ঝুড়িটিতে ভরেছিল কেন?
উত্তর: লোকটি তার পরিবারকে সেই অদ্ভুত জায়গার খোঁজ পাওয়ার কথা প্রমাণ হিসেবে দেখাতে এবং সেখান থেকে সংগৃহীত ফলমূল ও শাকসবজি দিয়ে নতুন করে আবার চাষবাস শুরু করার উদ্দেশ্যে ঝুড়িটিতে তা ভরেছিল।
(ছ) লোকটি কীভাবে নিশ্চিত হয়েছিল যে সে স্বপ্ন দেখছে না?
উত্তর: লোকটি চোখ কচলিয়ে এবং নিজেকে চিমটি কেটে পরীক্ষা করে নিশ্চিত হয়েছিল যে সে স্বপ্ন দেখছে না।
(জ) গ্রামের লোকেদের তার অভিজ্ঞতার কথা বলতে তারা কী বলেছিল?
উত্তর: গ্রামের লোকেদের তার অভিজ্ঞতার কথা বলতে তারা তাকে জড়িয়ে ধরে বলেছিল যে সে নিশ্চয়ই সৌভাগ্যক্রমে ইচু লি-তে পৌঁছে গিয়েছিল। তারা জানায় যে তাদের পূর্বপুরুষদের মুখে শুনেছে যে ওই খেত থেকে কিছু নিয়ে আসার অনুমতি কাউকে দেওয়া হয় না, কারণ জীবিত ও মৃত মানুষ কখনও একই খাবারে ভাগ বসাতে পারে না।
(ঝ) ইচু লি দেখার জন্যে গ্রামবাসীরা ব্যাকুল ছিল কেন?
উত্তর: ইচু লি দেখার জন্যে গ্রামবাসীরা ব্যাকুল ছিল কারণ তারা তাদের পূর্বপুরুষদের মুখে এই রহস্যময় জায়গার কথা বহুবার শুনেছিল, কিন্তু আগে কখনও নিজের চোখে তা দেখেনি বা সেখানে পৌঁছোতে পারেনি।
(ঞ) চিমেরা পাহাড় কোথায়?
উত্তর: চিমেরা পাহাড় নাগাল্যাণ্ডের ওখা জেলার ইংল্যান এলাকায় অবস্থিত।
৪/৫ টি বাক্যে উত্তর দাও
(ক) কোন মরশুমের কথা এই গল্পে রয়েছে? সেই সময় গ্রামবাসীরা কী করেছিল?
উত্তর: গল্পে শীতের মরশুম প্রায় শেষ হয়ে আসার সময়কালের কথা বলা হয়েছে। সেই সময় গ্রামবাসীদের চাষাবাদ শেষ হয়ে গিয়েছিল। তারা রুক্ষ মরশুমে কষ্টেসৃষ্টে ফলানো শাকসবজি ও ফলমূল ঘরে তুলে মনের আনন্দে খাচ্ছিল। এর পাশাপাশি, নতুন ফসল ফলানোর জন্য বীজ বপনের উদ্দেশ্যে গ্রামবাসীরা নতুন উর্বর জমির খোঁজে বেরিয়েছিল।
(খ) লোকটি জমির ব্যাপারে খুঁতখুঁতে ছিল কেন? সে নিশ্চিত করতে চেয়েছিল?
উত্তর: লোকটি জমির ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে ছিল। অনুর্বর জমিতে চাষাবাদ করতে না পেরে গ্রামের মানুষেরা অনাহারে ভিক্ষা করতে বাধ্য হয়েছিল বলে নানা গল্প শোনা যেত। সে এই অনাহারের পরিস্থিতি থেকে নিজের পরিবারকে দূরে রাখতে চেয়েছিল। তাই সে এমন একটি উর্বর জমি নিশ্চিত করতে চেয়েছিল, যেখানে জান-প্রাণ ঢেলে পরিশ্রম করে তার পরিবারকে ভরপেট খাওয়াতে পারে।
(গ) অনেক কদিন পথ চলার পর লোকটি যেখানে পৌঁছল, সেই জায়গাটির বর্ণনা দাও।
উত্তর: অনেক কদিন পথ চলার পর লোকটি ঘন সবুজ ও তরতাজা শাকসবজিতে পূর্ণ একটি উর্বর জমিতে পৌঁছায়। সেই ক্ষেতটি ফসলে পরিপূর্ণ ছিল এবং সেখানে ঝেঁপে ফুল ও সবজি হয়েছিল। জমিটিতে কুমড়ো, তরমুজ, রাঙাআলু, কচু, লঙ্কার পাশাপাশি কমলালেবু, পাতিলেবু ও আখ অপর্যাপ্ত পরিমাণে ফলেছিল। ফসল তুলে নেওয়ার জন্য খেতটি যেন অপেক্ষা করছিল এবং সেখানে লোকটি ছাড়া অন্য কোনো মানুষ উপস্থিত ছিল না।
(ঘ) লোকটি ইচু লি-তে পৌঁছে কী করেছিল?
উত্তর: ইচু লি-তে পৌঁছে লোকটি তরতাজা শাকসবজি ভর্তি খেতটি অবাক বিস্ময়ে ঘুরে ঘুরে দেখতে লাগল। তারপর সে তার পিঠ থেকে ফারিটি নামিয়ে পুরো মাঠে ঘুরে বেড়াল। সে খেতের প্রায় সব ফল ও শাকসবজি মনের সুখে চেখে দেখল। এরপর পরিবারকে দেখানোর জন্য এবং নতুন করে চাষবাস শুরু করতে সে খেত থেকে ফসল সংগ্রহ করা শুরু করল।
(ঙ) ঝুড়ি ভর্তি করে লোকটি কী করেছিল? সে চলতে চলতে কী অনুভব করেছিল?
উত্তর: ঝুড়ি অর্থাৎ ফারিটি কানায় কানায় শাকসবজি ও ফলমূল দিয়ে ভর্তি করার পর লোকটি তার ফিতেটি মাথায় গলিয়ে নেয়। এরপর সে নিজের গাঁয়ে ফেরার পথ মনে করে হাঁটতে শুরু করে। বহুক্ষণ ধরে চলার পর সে অনুভব করে যে অনেক পথ হাঁটার পরেও সে তার গন্তব্যে পৌঁছাতে পারছে না। চারপাশে তাকিয়ে সে দেখতে পায় যেখান থেকে সে হাঁটা শুরু করেছিল, ঠিক সেই একই জায়গায় সে দাঁড়িয়ে রয়েছে।
রচনাধর্মী প্রশ্নাবলী
(ক) লোকটি জমির খোঁজে বেরিয়ে শেষমেশ কোথায় গিয়ে পৌঁছল? সেই জায়গায় পৌঁছে সে কী কী করেছিল?
উত্তর: লোকটি উর্বর জমির খোঁজে বেরিয়ে বেশ কিছু দিন হাঁটার পর শেষমেশ ‘ইচু লি’ নামক একটি ঘন সবুজ তরতাজা শাকসবজি ও ফলমূলে ভরতি জায়গায় গিয়ে পৌঁছল।
সেই জায়গায় পৌঁছে লোকটি অবাক বিস্ময়ে খেতটি ঘুরে ঘুরে দেখতে লাগল। তারপর সে তার পিঠ থেকে ফারিটি বা বাঁশের ঝুড়িটি নামিয়ে সারা খেত চষে বেরাল এবং মনের সুখে প্রায় সব শাকসবজি ও ফল চেখে দেখল। এরপর নিজের পরিবারের লোকজনকে দেখানোর জন্য এবং নতুন করে চাষবাস শুরু করার উদ্দেশ্যে সে যথাসম্ভব ফলমূল ও শাকসবজি তুলে ফারিটি কানায় কানায় ভরতি করল। শেষে ঝুড়ির ফিতে মাথায় গলিয়ে সে বাড়ির দিকে ফেরার পথ খুঁজতে শুরু করল।
(খ) “এ বার সে ভয় পেয়ে গেল!” – কে, কখন আর কেন ভয় পেয়ে গেল? ভয় পেয়ে সে কী করেছিল?
উত্তর: লোকটির ভয় পাওয়ার কথা বলা হয়েছে।
লোকটি যখন খেত থেকে শাকসবজি ও ফলমূল ফারিটিতে কানায় কানায় ভরে গাঁয়ে ফেরার উদ্দেশ্যে রওনা হলো, তখন বহুক্ষণ হাঁটার পরও সে তার গন্তব্যে পৌঁছোতে পারছিল না। সে দেখতে পেল যেখান থেকে হাঁটা শুরু করেছিল, বারবার সে একই জায়গায় এসে দাঁড়াচ্ছে এবং সূর্যও একই জায়গায় স্থির রয়েছে। নিশানা দিয়ে ঘণ্টার পর ঘণ্টা হেঁটেও একই দৃশ্য দেখে এবং অনুমান করে যে সংগৃহীত ফলমূলের জন্যই এমন ঘটছে, সে ভীষণ ভয় পেয়ে গেল।
ভয় পেয়ে লোকটি সিদ্ধান্ত নিল যে খেত থেকে সে যা কিছু ভালোমন্দ তুলেছিল, তা সব সেখানেই ফেলে রেখে চলে যাবে। সে ফারিটি ফেলে দিল এবং যত দ্রুত সম্ভব নিজের গাঁয়ে পৌঁছোনোর জন্য দৌড় লাগাল।
(গ) “কারণ জীবিত ও মৃত মানুষ কখনও একই খাবারে ভাগ বসাতে পারে না।” – কে বা কারা কোন প্রসঙ্গে এই কথা বলেছিল? কোথা থেকে তারা এই কথা শুনেছিল?
উত্তর: এই কথাটি লোকটির গ্রামের অন্য সব গ্রামবাসীরা বলেছিল।
লোকটি যখন ভয় পেয়ে নিজের গাঁয়ে ফিরে এসে সেই অদ্ভুত খেতের ঘটনার কথা আদ্যোপান্ত গ্রামবাসীদের কাছে বর্ণনা করল, তখন গ্রামবাসীরা বুঝতে পারল সে সৌভাগ্যক্রমে ‘ইচু লি’ নামক স্থানে পৌঁছে গিয়েছিল। সেই খেত থেকে কোনো খাবার নিজের সঙ্গে নিয়ে আসার অনুমতি যে কাউকেই দেওয়া হয় না, সেই কথাটি বোঝানোর প্রসঙ্গে গ্রামবাসীরা মন্তব্যটি করেছিল।
গ্রামবাসীরা তাদের পূর্বপুরুষদের মুখে বহুবার এই কথা শুনেছিল।
(ঘ) ইচু লি কোথায় অবস্থিত? সেই লোকটি কীভাবে সেখানে পৌঁছেছিল? আর কেউ কখনও সেখানে কেউ পৌঁছোতে পারেনি কেন?
উত্তর: ‘ইচু লি’ স্থানটি নাগাল্যাণ্ড রাজ্যের ওখা জেলার চিমেরা পাহাড়ের ওপরে অবস্থিত।
লোকটি শীতের মরশুম শেষে উর্বর জমির খোঁজে বহু দিন হেঁটে জঙ্গলের পথ ধরে এগোতে এগোতে বেশ কিছু দূরে ওই স্থানে গিয়ে পৌঁছেছিল। তবে সাধারণ জীবিত মানুষের পক্ষে সেখানে কীভাবে পৌঁছানো সম্ভব হয়েছিল, তা সম্পূর্ণ ব্যাখ্যাতীত এবং রহস্যাবৃত।
‘ইচু লি’ প্রকৃতপক্ষে কোনো মানবভূমি বা জীবিত মানুষের থাকার জায়গা নয়, বরং এটি একটি মৃত্যুভূমি। স্থানটি চিমেরা পাহাড়ের ওপরে এতটাই দূরে অবস্থিত যে কোনো জ্যান্ত মানুষ খালি চোখে তা দেখতে পারে না বা সেখানে পৌঁছাতে পারে না।
ব্যাকরণ
(i) যখন সে ওই জায়গায় পৌঁছল
উত্তর: জায়গায় — অধিকরণ কারক-এ ‘য়’ বিভক্তি।
(ii) সে তার গন্তব্যে কিছুতেই পৌঁছোতে পারছে না!
উত্তর: গন্তব্যে — অধিকরণ কারক-এ ‘এ’ বিভক্তি।
(iii) নিজেকে চিমটি কেটে দেখতে লাগলো
উত্তর: চিমটি — কর্ম কারক-এ শূন্য বিভক্তি।
অতিরিক্ত (Extras)
অতিরিক্ত প্রশ্নোত্তর
শীঘ্রই আসছে
অতিরিক্ত বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)
শীঘ্রই আসছে
Get notes of other classes and subjects
Leave a Reply